দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে গতকাল শনিবার বিআইএ মিলনায়তনে জেলা মজলিসে শুরার ২য় সাধারণ অধিবেশনে দেশের চলমান পরিস্থিতির উদ্বেগ জানিয়ে সরকারের প্রতি বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়। দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোছাইন, ড. মাওলানা আবুল আফিফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ প্রমুখ।
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, সরকারের নির্লজ্জ দলীয়করণ জনগণকে অতিষ্ঠ করে তুলছে। দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি ও প্রশাসনের দুর্নীতিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লোকদের দায়িত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় অফিস বানিয়ে ফেলছে।
একদিকে শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে। অন্যদিকে, প্রতিহিংসার রাজনীতি চর্চার মাধ্যমে জনগণের ক্ষতিসাধন করছে। অতীতে ফ্যাসিস্ট সরকার এভাবে স্বৈরতন্ত্র কায়েম করে জনবিচ্ছিন্ন হয়েছিল। বর্তমান সরকার পতিত স্বৈরশাসকের অধঃপতন থেকে শিক্ষা না নিয়ে বরং তাদের পথেই হাঁটছে। তাই সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে এসব দলবাজি পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।













