নগরীর রৌফাবাদের রেডিসন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. মেহরাজ হোসেন রাব্বি (১৫) এলাকার লোকদের সাথে সমুদ্র দেখতে গিয়ে ডুবে মারা গেছে। বিকেল গড়াতেই রাব্বির লাশ তীরে ভেসে আসে। গতকাল শুক্রবার সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পর বিকেল তিনটায় তার লাশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। মৃত মেহরাজ হোসেন রাব্বি নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা আলমগীর মামুনের ছেলে। চার ভাইবোনের মধ্যে রাব্বি তৃতীয়।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, রৌফাবাদের পাহাড়িকা
আবাসিক এলাকা থেকে বাসে করে ৩০–৩৫ জনের একটি দল পতেঙ্গায় সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিল। দুপুর ২টার দিকে সাগরে নামে। ঘণ্টাখানেক পর তার মৃতদেহ তীরের কাছাকাছি সাগরে ভেসে ওঠে। আমরা গিয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
সাগরে ঘুরতে যাওয়া প্রতিবেশীদের একজন মো. হারুন জানান, আমরা তখন একটা দোকানে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম। এমন সময় শুনি, পুলিশ আসছে একটা ছেলের লাশ পাওয়া গেছে। এরপরই গিয়ে দেখি যে আমাদের এলাকারই ছেলে। ওর সমবয়সী আরও কয়েকজন ছিল। সবাই যে যার মতো ঘুরছে। কয়েকবার করে পানিতে নামছে। আবার উঠেও আসছে। তিনি আরও বলেন, বাবা বকা দেবে বলে বাসায় না জানিয়ে সবার সঙ্গে ঘুরতে আসে রাব্বি। এরপর নাস্তা খেয়ে ঘোরাঘুরি করছিল। এর কোনো ফাঁকে আবারও পানিতে নামে আমরা কেউই দেখিনি। তার মধ্যেই এমন ঘটনা।














