দেশে প্রকৃত সংস্কৃতির চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টি না হলে সমাজে প্রকৃত মানুষের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূইয়া।
গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে প্রমিতি সাংস্কৃতিক একাডেমি আয়োজিত ‘মুক্ত করো ভয়’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক অভিভাবকের উচিত শৈশব থেকেই সন্তানদের আবৃত্তি, সংগীত, নাটক, নৃত্য ও বিতর্কের মতো সুকুমার বৃত্তির সঙ্গে সম্পৃক্ত করা।
এসব সাংস্কৃতিক চর্চা শিশুদের মননশীল, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খবর বাংলানিউজের।
অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঙ্গে একই মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন ক্ষুদে আবৃত্তিশিল্পীরা। তারা হলেন প্রমিতির সদস্য অদ্রি দে ও অয়ন দে, উচ্চারক শিশু কুঞ্জের সদস্য অনিরুদ্ধ বিশ্বাস এবং তারুণ্যের উচ্ছ্বাসের প্রযুক্তি দাশ। প্রত্যেকে তিনটি করে একক আবৃত্তি পরিবেশন করে ভয়কে জয় করার প্রত্যয় তুলে ধরে। অন্যদিকে আবৃত্তিশিল্পী ফারুক তাহের পরিবেশন করেন পাঁচটি কবিতা। শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শক–শ্রোতাদের মুগ্ধ করে।
প্রমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাজু মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন আবৃত্তিশিল্পী ও শিক্ষক অঞ্চল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল।
অঞ্চল চৌধুরী বলেন, আমরা সন্তানের পিতা–মাতারা এখন সবাই এ প্লাসের পেছনে ছুটছি। সন্তানরা প্রকৃত মানুষ হচ্ছে কিনা, সেই শিক্ষা দিচ্ছি না। সাংস্কৃতিক শিক্ষার অভাবের সমালোচনা করে তিনি বলেন, সাংস্কৃতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে শুধু এ প্লাস পাওয়া অনেক সন্তান বড় হয়ে নিজের মা–বাবার দায়িত্বও নিচ্ছে না। ফলে সমাজ দিন দিন অন্ধকারের দিকে যাচ্ছে। সবশেষে ‘মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ শীর্ষক সংগীতটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন প্রমিতি সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা।











