‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ৯:৫৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী মো. আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি মিডিয়া মো. গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক আবু বকর সিদ্দিক রাজশাহী জেলার কচুয়াতৈল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আয়নাল হক। আবু বকরকে রাজশাহী জেলার পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় তার মামা বাড়ি থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

গাজিউর রহমান বলেন, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সম্মিলিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান (ডিবি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আবু বকরকে ঢাকায় আনা হচ্ছে। খবর বাংলানিউজের।

গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী একটি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এরপর বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (ঞযব ইবধঁঃু ড়ভ জধলংযধযর) নামের একটি ফেসবুক পেজে লেখা হয় ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল–সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ এই পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি সংযুক্ত করা হয়।

মো. আবু বকর সিদ্দিক নামে ওই ব্যক্তি পোস্টটির কমেন্ট লেখেন ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। এই মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৩৫৪ জনকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজিও টিউব বসানোর পর সাঙ্গুর বাঁধে নতুন ফাটল, আরও ধসের শঙ্কা