চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেছেন, শীঘ্রই উত্তর সাতকানিয়া নামে নতুন উপজেলা ঘোষণা করা হবে। উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নে প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। উত্তর সাতকানিয়া নামে নতুন উপজেলা এটা কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ ও খাগরিয়ার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। নতুন উপজেলা ঘোষণার পর এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা ও এলাকার উন্নয়ন কার্যক্রম অনেক সহজ হবে। নতুন উপজেলার দাবিতে কেরানীহাটের এই জনসমুদ্র প্রমাণ করেছে আরো অনেক আগে এ উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল। উত্তর সাতকানিয়ার মানুষের এই ঐক্য আগামীতেও ধরে রাখতে হবে বলে জানান।
তিনি শনিবার বিকালে সাতকানিয়ার কেরানীহাটে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহাসমাবেশে কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ ও খাগরিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন অংশগ্রহন করে। ফলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমার নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি করে, মানুষের ওপর জুলুম করে কিংবা সাধারণ মানুষকে হয়রানি করে, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমার নাম ভাঙিয়ে কেউ মানুষের কাছ থেকে টাকা আদায় করলে, ব্যবসায়ী বা পরিবহন শ্রমিকদের ভয়ভীতি দেখালে কিংবা নিরীহ মানুষের ওপর প্রভাব খাটালে তাকে ধরে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখবেন। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, মানুষের ওপর জুলুম করার সুযোগ করে দেওয়ার জন্য নয়।
তিনি আরো বলেন, দোহাজারী পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপপ্রচার বা উসকানিতে বিভ্রান্ত হওয়া যাবে না। বটবাহিনী ও গুপ্তবাহিনীর প্ররোচণা থেকে সতর্ক থাকতে হবে।
মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলার সদস্য মোজাম্মেল হক, বেলাল, কামরুল হাসান তালুকদার, সাবেক ছাত্রনেতা মোরশেদুল আলম চৌধুরী মুন্না, মোঃ নাছির, ফরিদুল আলম, মোঃ আরমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবী হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন, গিয়াসউদ্দিন হিরু, আনিস শিকদার, লিটন তালুকদার, এডভোকেট ওসমান গনি, রিয়াদ কামাল, ওসমান কোম্পানি, রাশেদ হোসেন দুলু চেয়ারম্যান, সামসুল মেম্বার, সোহেল মেম্বার, যুবদল উত্তর সাতকানিয়া আহবায়ক ইফতেখার রাজিব, সদস্য সচিব শহিদুল ইসলাম, ছাত্রদলের চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ খান, আনিসুল ইসলাম, যুবদল নেতা সোলাইমান বাবুল, নাসির, আবদু সাত্তার, আজিজ সিকদার, স্বেচ্ছাসেবক দলের উত্তর সাতকানিয়া আহবায়ক ফৌজল কবির রুবেল, সদস সচিব ওবাদুল আরফাত, বিএনপি নেতা শামসুল ইসলাম, হারুনুর রশিদ, ভিপি আব্দুর রউফ, আলী আকবর, আনোয়ার হোসেন ও মহিউদ্দিন প্রমূখ।












