শিক্ষার উন্নয়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে

কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনবিকেএ’র আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা২০২৬’। ২০২৫ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

শনিবার নগরের হালিশহর বিশ্বরোড সংলগ্ন জে পি কনভেনশন হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এই সময় তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকারি ও বেসরকারি সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিশুদের প্রাথমিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জয়নুল আবেদীন জয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা সম্পাদক ইব্রাহীম জিকু।

বিকেএ চট্টগ্রাম জেলার সভাপতি হোসাইন রিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর লায়ন মো. মোশাক হোসাইন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদেরও সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ভবিষ্যতেও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান বিকেএ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ম. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান ছিল চক বোর্ড। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ভেদাভেদ ভুলে দল ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধমা শিশু ও হাসপাতালে বিদায় সংবর্ধনা