শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেটে সৃজন গ্রামারের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার উদ্যোগে ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান স্মৃতি প্রথম স্কুল ক্রিকেট লিগে দ্বিতীয় দিনের খেলায় সৃজন গ্রামার স্কুল জয় পেয়েছে। গতকাল রোববার হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) অনুষ্ঠিত খেলায় তারা ৬৩ রানে গরীবে নেওয়াজ হাই স্কুলকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করে সৃজন গ্রামার স্কুল ২০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫৯ রান করে। দলের পক্ষে অনুরাগ বড়ুয়া ৭৯, আরফাতুল ২৫, এবং অংকুর দত্ত ১৯ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। গরীবে নেওয়াজ স্কুলের সাখাওয়াত কবির ৩টি এবং মিহন ২টি উইকেট লাভ করে। এছাড়া আতিক, জোবায়ের এবং অয়ন ১টি করে উইকেট নেন। জবাবে গরীবে নেওয়াজ স্কুল ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৯৬ রান করতে সমর্থ হয়। দলের ইরফাত ১৭, আজমাইন ১৮, আতিক ১৩ এবং মো. আলী ১৬ রান করেন। সৃজন গ্রামার স্কুলের অর্ণব মল্লিক ৩টি, তারেক এবং অনুরাগ বড়ুয়া ২টি করে উইকেট লাভ করেন। রিয়াদ ও আবির ১টি করে উইকেট নেন। এদিকে দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মাঠে না আসায় প্রবর্তক হাই স্কুল ওয়াকওভার লাভ করে। এর দায়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে লিগ থেকে বহিস্কার করা হয়েছে বলে লিগ কমিটি নিশ্চিত করে। আজকের খেলায় ইস্পাহানি পাবলিক স্কুলবেপজা পাবলিক স্কুল (সকাল ৯টা) এবং সানশাইন গ্রামার স্কুলনাসিরাবাদ সরকারি হাই স্কুল (দুপুর ১টা) প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান আবাসিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টার্ফ ওয়ার ফুটসালের উদ্বোধন