চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সংযুক্ত আরব আমিরাতের সারজাহ’য় পাচারের সময় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. সোহেল ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাওসার সাগর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ১ জুন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশগেট সংলগ্ন এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে মো. সোহেলকে তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ ও জুতার মোজার ভেতর থেকে মোট ৫ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমান বন্দরের ৯এপিবিএন ক্যাম্প, চট্টগ্রামের এসআই মো. আবুল কালাম বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, বিক্রয় এবং নিজে সেবন করার জন্য ইয়াবার চালান সংযুক্ত আরব আমিরাতের সারজাহ ও দুবাইয়ে পাচারের চেষ্টা করেছিলেন দণ্ডপ্রাপ্ত সোহেল।












