শাহ আমানত সেতু টোলমুক্ত করার দাবি সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর

চট্টগ্রামের দুই কীর্তিমান মনীষীকে স্মরণ  বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের সভা

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সমাজসংস্কার ও নাগরিক উন্নয়নে অসামান্য অবদান রাখা দুই কীর্তিমান ব্যক্তিত্ব নূর আহমদ চেয়ারম্যান ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে শ্রদ্ধায় স্মরণ করেছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম। গত ২৪ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। শাহ আমানত সেতু নির্মাণে কুয়েত সরকারের অনুদানের প্রসঙ্গ উল্লেখ করে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, জনসাধারণের চলাচল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত এই সেতুতে দীর্ঘদিন ধরে যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। তাঁর মতে, এখন সময় এসেছে সেতুটিকে টোলমুক্ত করার দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়ার। তিনি বলেন, শাহ আমানত সেতু চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, কর্ণফুলী নদীর দুই তীর এবং বৃহত্তর চট্টগ্রামের যোগাযোগব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোগ। এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। টোল আদায়ের কারণে পরিবহন খাত ও সাধারণ মানুষের ওপর যে আর্থিক চাপ সৃষ্টি হয়, তা বিবেচনায় নিয়ে সেতুটি টোলমুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে টোল আদায় অব্যাহত থাকায় এ বিষয়ে নতুন করে জনস্বার্থের আলোকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। শাহ আমানত সেতু টোলমুক্ত করার দাবিকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। স্মরণসভায় বক্তব্য দেন–সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ সানাউল্লাহ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক দুলাল কান্তি বড়ুয়া, ভাস্কর ডি কে দাশ মামুন, মো. শওকত আলী, মোহাং মনছুর আলম, মো. লায়েক আলী, মো. আবদুল মান্নান, মো. নুরুল আলম ও বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধডা. শাহাদাতের প্রশাসক নিয়োগ বাতিল চায় এনসিপি