‘শান্তিতে বিদায় নিচ্ছি, আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ’

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে নীরবতা ভেঙে আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বিদায়ের আগে মেসির কণ্ঠে কোনো আক্ষেপ নেই, বরং আছে তৃপ্তি, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি, কারণ আমি সবটুকু দিয়ে গেছি।’ বুধবারই (বাংলাদেশ সময় ভোর ৫টা) আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি তাই হয়ে উঠছে শুধুই একটি ফুটবল ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু। এটি হচ্ছে আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে গৌরবময় এক যুগের আবেগঘন সমাপ্তি। ম্যাচের কয়েক ঘণ্টা আগে এক ভিডিও বার্তায় আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করব।’ আকাশি–সাদা জার্সিতে মেসির পথচলা শুরু হয়েছিল ২১ বছর আগে। সেই পথ কখনো ছিল হতাশায় ভরা, কখনো তীব্র সমালোচনায়; আবার শেষ পর্যন্ত সেটিই পরিণত হয়েছে ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক ক্যারিয়ারে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি, অ্যাসিস্ট ৬৬টি। তিনিই আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার। একসময় যে মেসিকে জাতীয় দলের ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল, সেই মেসিই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বহু প্রতীক্ষিত বিশ্বকাপ। তাই এই বিদায় কেবল একজন ফুটবলারের বিদায় নয়; এটি আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে সফল ও আবেগঘন এক যুগের পর্দা নামার মুহূর্ত। মেসি নিজেই বলেছেন, তিনি শান্তিতে বিদায় নিচ্ছেন। কারণ এই জার্সির জন্য তিনি দিয়েছেন তার সবটুকু। এখন বাকি শুধু শেষবারের মতো সেই জার্সি পরে মাঠে নামা, আর প্রিয় দেশের কাছ থেকে শেষ বিদায় নেওয়া।

পূর্ববর্তী নিবন্ধউজবেকিস্তানকে হারিয়ে শুভসূচনার লক্ষ্য বাংলাদেশের
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ কাল শুরু