লোহাগাড়ায় মিনিট্রাক চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

কক্সবাজার-সাজেক ঘুরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মিনিট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) এবং একই গ্রামের মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। তারা বাল্যকাল থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল একই দিকে চলা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে কক্সবাজারগামী দ্রুতগতির একটি মিনিট্রাক মোটরসাইকেল থেকে ছিটকে পড়া দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত মাহিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সমপ্রতি তাদের সঙ্গে কক্সবাজার ও সাজেক ঘুরে আসা হোছাইন মাহমুদ জাকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তিনি ছোট ভাইদের নিয়ে একসঙ্গে সাজেক ও কক্সবাজার ঘুরেছেন। তাদের সঙ্গে কাটানো হাসিআনন্দ ও স্মৃতি এখনো তার চোখের সামনে ভাসছে। ব্যক্তিগত কাজ থাকায় তিনি এক দিন আগে, সোমবার কুমিল্লায় ফিরে যান। পরদিন সকালে দুই বন্ধুর মৃত্যুর খবর শুনে তিনি হতবাক হয়ে পড়েন। কক্সবাজারে তিন দিন ঘোরার পর বাড়ি ফেরার পথেই তারা চিরদিনের জন্য চলে গেলেন বলেও তিনি উল্লেখ করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু আদনান মোহাম্মদ সাঈদী বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাওহীদ নামে একজনের মরদেহ ও মাহি নামে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাহিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তাওহীদ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাইক কেন এত ঝুঁকিতে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে টেক্সি ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা