লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মোছাম্মৎ আবিদা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবিদা একই এলাকার প্রবাসী মোহাম্মদ বেলাল হোসেনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলাচ্ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আবিদা। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিশুটির মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।












