লোহাগাড়ায় থানার আবাসন কক্ষের বিছানা থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ–পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে ও লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করেছিলেন আজিজুল হক। ডিউটি শেষে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামের জন্য আবাসনের নিজ কক্ষে যান তিনি। সহকর্মীরা ভেবেছিলেন সারাদিনের ব্যস্ততার পর হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। কিন্তু পরদিন সকালেও কক্ষ থেকে বের হননি। আসামিকে আদালতে চালান দেওয়ার কাজে প্রয়োজন পড়লে তাকে মোবাইল ফোনে বারবার কল দেয়া হচ্ছিল। সাড়া না পেয়ে সহকর্মীরা শয়নকক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
জানা যায়, গত ২০ মে তিনি লোহাগাড়া থানায় যোগ দিয়েছিলেন। ব্যক্তিজীবনে তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে সন্তান রয়েছে। তিনি প্রায় ৩২ বছর কর্মজীবন অতিবাহিত করেছেন।
এস আই আজিজুল হকের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ হেডকোয়ার্টার থেকে তাকে আজিজুল হকের মৃত্যুর খবর জানানো হয়েছে। গত চার দিন ধরে সে বুকে ব্যথা ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে ঘুমানোর পর স্ট্রোকে বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার স্বাভাবিক মৃত্যু হিসেবে নিশ্চিত করেছেন। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। বিকেলে থানা প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ পুলিশ লাইনে পাঠানো হয়। সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানায় শোকের ছায়া নেমে এসেছে।












