কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে শৃঙ্খলা ভঙ্গসহ দলীয় পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে বহিষ্কার করা হয়েছে। প্রাইভেট গাড়ি নিয়ে দুটি আগ্নেয়াস্ত্র বহন করে চট্টগ্রামে যাওয়ার সময় গত বুধবার লোহাগাড়ায় পুলিশ কর্তৃক আটক হন আয়াত উল্লাহ হুমাইনীসহ তিনজন।
এ সময় আয়াত উল্লাহ হুমাইনী নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিতে দেখা যায় পুলিশকে। সেই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। সেই বিষয়টি কক্সবাজার জেলা যুবদলের নজরে আসলে বুধবার রাতেই সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এই সংক্রান্তে কক্সবাজার জেলা যুবদলের সহ–দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় গণমাধ্যমে। এতে আরও বলা হয়– জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কঙবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়–সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, অস্ত্র আইনে মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












