লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে তিন ভাইয়ের বসতঘর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত আবদুস সবুরের পুত্র মোজাফ্ফর আহমদ, আনোয়ার হোসেন ও মো. দেলোয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনে মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন, দেলোয়ার ও স্থানীয় হাবিব আহত হয়েছেন। পরে তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্তরা খুবই অসহায়। তারা বর্তমানে খোলা আকাশে নিচে দিনাতিপাত করছেন।












