লোহাগাড়ায় অবৈধভাবে মজুদ করা ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নাফরটিলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীরসহ আনসার বাহিনীর সদস্যরা।
জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান নাফারটিলা বাজারে ট্রাভেলস অ্যান্ড এজেন্সির নামক একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মজুদ করা ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অভিযানে জাহেদুল ইসলাম নামে দোকানের এক কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অবৈধভাবে মজুদ করায় জ্বালানী তেলগুলো জব্দ ও দোকানের এক কর্মচারীকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।












