লামায় হিটস্ট্রোকে ১৮ শিক্ষার্থী অসুস্থ

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় হিটস্ট্রোকে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। কয়েকদিনের অতিষ্ঠ গরমে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। গতকাল রোববার দুপুরে লামার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষকরা জানান, তিনদিন আগেও এই বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী হিটস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছিল।

হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীরা হলেনষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, জুনাইদুল ইসলামসহ ৬জন। সপ্তম শ্রেণীর শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ ৭ জন। অষ্টম শ্রেণীর শাহিদা বেগম, তাসনিমা আক্তার। দশম শ্রেণীর সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আকতার।

স্থানীয়দের তথ্যমতে, গত মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্কুলে গরমে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে গতকাল ১৮জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়। পরে শিক্ষকসহ অন্যদের সহযোগিতায় আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া বলেন, বেলা বারোটার দিকে ষষ্ঠ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ জ্ঞান হারায়। পরে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে জ্ঞান হারায়। পরে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়ার পর নিজেদের ঘরে পাঠানো হয়েছে।

বান্দরবান জেলা শিক্ষা অফিসার মো. জসীম উদ্দীন বলেন, শিক্ষার্থীরা হিটস্ট্রোকে আক্রান্তের বিষয়টি শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদিনভর গরমের পর সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের ১৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, নানা আয়োজন