ঈদের কেনাকাটা শেষে বিভিন্ন নারীরা এখন ছুটছেন বিউটি পার্লারগুলোতে। মনের মতো নিজেকে রাঙিয়ে নিতে বিভিন্ন ধরনের সাজ নিচ্ছেন তারা। বিশেষ করে চুলকাটা, বিভিন্ন ধরণের ফেসিয়াল, চুলে রঙ করা, ভ্রু প্লাক, পেডিকিউর মেনিকিউর করতেই বেশি আসছেন বলছেন বিউটিশয়ানরা। সকাল থেকে মধ্যরাত রাত তাই পার্লারের কর্মীদের ব্যস্ততা বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। পার্লারের মালিকরা জানান, সারা বছরই সৌন্দর্য সচেতন নারীরা রূপচর্চা করতে আসেন। তবে ঈদের আগে অনেকে ৩–৪টি সেবা এক সাথে নিয়ে থাকে। কারণ ঈদের দিন যাতে নিজেকে একটু সুন্দর ও পরিপাটি দেখায় সে কারণেই মূলত পার্লারগুলোতে ভিড় করেন সেবাগ্রহীতারা।
জানা গেছে, ঈদকেন্দ্রিক তরুণীরা ফেসিয়ালের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছেন। ফেসিয়ালের মধ্যে রয়েছে হার্বাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, পিম্পল কন্ট্রোল ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, ম্যাংগু ফেসিয়াল, হানি ফেসিয়াল, অ্যালোভেরা ফেসিয়াল, অ্যারোমা ফেসিয়াল, শাহনাজ গোল্ড ফেসিয়াল, শাহনাজ পার্ল ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল, হাইড্রা কোলাজেন ফেসিয়াল, বিবি গ্লো ফেসিয়াল, ভিএলসিসি চারকোল ফেসিয়াল এক্সপ্রেস গোল্ড ফেসিয়াল অন্যতম। এছাড়াও ভ্রু প্লাক, আপার লিপ, হেয়ার স্টাইল, বিভিন্ন রকম ফেসিয়াল, হেয়ার রিবন্ডিং, হেয়ার হাইলাইট, হেয়ার ফ্যাশন, হেয়ার স্পা ট্রিটমেন্ট, মেনিকিউর, পেডিকিউর ইত্যাদি সেবা নিয়ে থাকেন তরুণীরা।
গতকাল নগরীর কয়েকটি পার্লারের গিয়ে দেখা গেছে, কেউ চুল কাটছেন, কেউ চুল কালার করছেন, আবার কেউ ফেসিয়ালে ব্যস্ত, কেউ আবার বিভিন্ন ধরণের সেবা নেয়ার জন্য অপেক্ষা করছেন। কেসবাক বিউটি পার্লারে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাহমুদা ইসলামের সাথে। তিনি জানান, প্রায় সময় পার্লারে আসা হয়। তবে একদিন পর যেহেতু ঈদ, তাই ফেসিয়ালসহ আর কিছু সেবা নিবো চিন্তা করছি। নগরীর একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা তাহমিনা সুরাইয়া বলেন, ঈদের আগে পার্লারে না আসলে মনে হয়, ঈদের পূর্ণতা পায় না। তাই আমি প্রতি বছর নিয়ম করে কেনাকাটা শেষে পার্লারে ছুটে আসি।
কেসবাক বিউটি পার্লারের স্বত্বাধিকারী প্রদেশ বড়ুয়া দৈনিক আজাদীকে বলেন, আমাদের পার্লারে আসা কাস্টমারদের আস্থা অর্জন করতে পেরেছি বলে গত ২৬ বছর ধরে আমরা সুনামের সাথে ব্যবসা করতে পারছি। আমাদের পার্লারের ব্যস্ততা অনেকটা গত বছরের মতোই। রূপসজ্জার প্রায় সব ধরণের সেবা দিয়ে থাকি। আমাদের পার্লারের বিউটিশিয়ানদের এখন দম ফেলার ফুসরত নেই। আমরা কম খরচে গুণগত ভালো সেবাটিই দিয়ে থাকি। যার কারণে আমাদের সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে। ঈদ উপলক্ষে এখন বিভিন্ন ধরণের ফেসিয়াল, হেয়ার রিবন্ডিং, হেয়ার কাটিং, হেয়ার কাটিং, পেডিকিউর ও মেনিকিউরের মতো সেবাগুলোই বেশি নিচ্ছেন।
নগরীর সিরাজউদ্দৌলা রোডের সাব–এরিয়ার এলাকার টাচ লেডি বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী নুর নাহার খুকুমণি দৈনিক আজাদীকে বলেন, আমাদের পার্লারে গত এক সপ্তাহ ধরে ব্যস্ততা বেড়েছে। সৌন্দর্য্য সচেতন তরুণীরা আমাদের পার্লারে প্রতি বছরের মতো এবারও ভিড় করছে। গত বছরের তুলনায় তুলনায় পার্লারের সেবাগ্রহীতাও বেড়েছে।











