সৌদি আরবে হুতিদের হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল শনিবার বিকালে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে। খবর বিডিনিউজের।
অপরদিকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট আবার পরিচালনা করতে চায় বিমান। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু থাকার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীচাপ সামলাতে ইতোমধ্যে মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে পুনরায় নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে। এছাড়া বাড়তি চাহিদার কথা বিবেচনায় রেখে জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী যেকোনো হালনাগাদ তথ্যের জন্য এবং টিকেট ক্রয় বা বুকিংয়ের প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
বাতিল ১১৪ ফ্লাইট : সৌদিতে হুতিদের হামলায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে ১১৪ ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ১৭ হাজার ৭০১ যাত্রী আটকা পড়েছেন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল বিকালে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া সবশেষ তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৫০টি সরাসরি ফ্লাইট এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস–বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। এরমধ্যে ইউএস–বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে। আর দাম্মাম ও রিয়াদে বিমান বাংলাদেশ ১৮ অক্টোবর পর্যন্ত তাদের ফ্লাইট স্থগিত করেছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া, ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।












