রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা : মার্কিন গণমাধ্যম

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা না চালাতে রাশিয়াকে সতর্ক করতে এ সপ্তাহে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ মস্কো সফর করেছেন। বুধবার মার্কিন গণমাধ্যম এতথ্য জানিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরটির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন। খবর বাসসের।

ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজ জানিয়েছে, রাশিয়া ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর হামলা চালানো থেকে বিরত রাখতে র‌্যাটক্লিফ মস্কো সফর করেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে আশঙ্কা করা হয়েছে, মস্কো ন্যাটো জোটের সক্ষমতা পরীক্ষা করতে পারে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েক বছরে পুতিন সীমিত হামলার মাধ্যমে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সক্ষমতা পরীক্ষা করতে পারেন। এ বিষয়ে মন্তব্য করার জন্য এএফপির একাধিক অনুরোধের জবাব দেয়নি হোয়াইট হাউস। তবে, ট্রাম্প মঙ্গলবার র‌্যাটক্লিফের মস্কো সফরকে আংশিক নিয়মিত সফর হিসেবে উল্লেখ করেন। এতে তিনি ইঙ্গিত দেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতেই গোয়েন্দা প্রধান রাশিয়ার রাজধানীতে গেছেন। রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি সেখানে আছেন, একেবারেই নিয়মিত ধরনের সফর। মানুষকে হতাশ করতে চাই না। আমরা ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চাই। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কো সফর করা মার্কিন কর্মকর্তাদের মধ্যে র‌্যাটক্লিফ অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। মস্কোর ইউক্রেন অভিযান জোরদারের মধ্যে তার এ সফর হলো। চলতি গ্রীষ্মে হামলা বেড়ে যাওয়ায় বেসামরিক মানুষের মৃত্যুও বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা থমকে আছে। সিবিএস নিউজ একাধিক সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, র‌্যাটক্লিফ সফরে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ হাজার মুসলিম হত্যার দায়ে দণ্ডিত বসনিয়ার কসাই ম্লাদিচের মৃত্যু
পরবর্তী নিবন্ধভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় রেড অ্যালার্ট