কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রেললাইনে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন এবং দুর্ঘটনার সঠিক কারণ জানাতে পারেনি স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।











