রান্নাঘরের সর্বত্র তেলাপোকা ও স্টোর রুমে বিড়ালের বিচরণ। রান্নাঘরের ফ্লোরটি ভাঙা, সাথে স্যাঁতসেঁতে। সেখানে থাকা ডাস্টবিনটিও খোলা। রান্না করা ও কাচা মাংস একত্রে সংরক্ষণ করা হয়েছে ফ্রিজে। আবার রান্নায় ব্যবহার করার জন্য সংরক্ষণ করা হয় মেয়াদোত্তীর্ণ ঘিও। এছাড়া পোড়া তেলে খাদ্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি তো আছেই।
গতকাল রোববার নগরের জিইসি মোড়ের ‘আল–হেলাল হোটেল এণ্ড রেস্টুরেন্টে’ উপস্থিত হয়ে এ দৃশ্য দেখতে পায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী
ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা অসঙ্গতিগুলোর জন্য প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী ৩ লাখ টাকা জরিমানা আরোপ করেন। যা তাৎক্ষণিক আদায়ও করা হয়।












