রাঙ্গুনিয়ার এক কৃষকসহ সারা দেশে বজ্রপাতে ১৫ মৃত্যু

আজাদী ডেস্ক | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন এলাকায় বজ্রপাতে মো. আমিন শরীফ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। একইদিন সারা দেশে বজ্রপাতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, নিহত আমিন শরীফ পেশায় একজন বর্গাচাষি ছিলেন। গতকাল বিকেলে তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হতে তাকে দ্রুত চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। নিহত আমিন শরীফ রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টারের বাড়ির মৃত লেদু হাজীর ছেলে।

সারা দেশে ১৪ জনের মৃত্যু : বিডিনিউজ জানায়, গতকাল দেশের ৭ জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সেখানে আহত হয়েছেন আরও একজন। এছাড়া সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ, জামালপুরের সদর ও মেলান্দহ এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুজন করে মোট ছয়জন নিহত হয়েছেন। অপরদিকে পঞ্চগড়ের অটোয়ারী, বগুড়ার গাবতলী এবং নাটোরের সিংড়ায় একজন করে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধলামায় হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী অসুস্থ
পরবর্তী নিবন্ধকদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই যুবদলকর্মী আহত