রাঙামাটিতে হারানো ৪৮টি মোবাইল ফোন ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার মসজিদ মার্কেটে ১৮ এপিবিএনের কনফারেন্স কক্ষে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
১৮ এপিবিএন জানায়, গত অক্টোবর মাসে পাওয়া ৫৬০টি সাধারণ ডায়েরি (জিডি) ও সাইবার অভিযোগের ভিত্তিতে ব্যাটালিয়নের বিশেষায়িত সাইবার ক্রাইম সেল অনুসন্ধান চালায়। এতে ৪৮টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়। পাশাপাশি একজন নিখোঁজ ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে টাকা ফেরত পাওয়া পুতুল নামে এক নারী বলেন, তার ২৩ হাজার টাকা ভুলবশত অন্য একটি নম্বরে চলে গিয়েছিল। পরে ওই নম্বরে ফোন করে টাকা ফেরত চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় তিনি ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের সহায়তা নেন। তাদের সহযোগিতায় পুরো টাকা ফেরত পেয়েছেন বলে জানান তিনি। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম। এ সময় সহকারী পুলিশ সুপার এ কে এম আলীনূর হোসেনসহ ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্য এবং সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, মানুষের মোবাইল ফোন হারানো বা ভুলবশত অন্য নম্বরে টাকা চলে যাওয়ার মতো ঘটনায় হতাশ না হয়ে আইনের সহায়তা নেওয়া উচিত। এ ধরনের ঘটনায় সাইবার ক্রাইম সেল পেশাদারত্বের সঙ্গে কাজ করছে।












