রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ভোর রাতে রাউজান সদর ইউনিয়নের নতোয়ানবাগিছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাউজান শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজানের মো. সেলিম উদ্দিনের ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. মুছার ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন শীর্ষ সন্ত্রাসী রায়হানের অনুসারী ও কিশোর গ্যাংয়ের সদস্য।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও রাউজান থানা পুলিশের সমন্বয়ে একটি দল নতোয়ানবাগিছা এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













