রাইজিং জুনিয়র,শতদলের দ্বিতীয় জয়

সিসিএস ক্লাব কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ রাউন্ডে রাইজিং স্টার জুনিয়র এবং এবং শতদল ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রাইজিং স্টার জুনিয়র ১৮ রানে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। রাইজিং স্টার জুনিয়রের এটি তিন খেলায় দ্বিতীয় জয়। অন্যদিকে ফ্রেন্ডস ক্লাব তাদের চার খেলায় ৩টিতে হার এবং ১টিতে জয়লাভ করেছে। গতকাল টস জিতে ফ্রেন্ডস ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠায় রাইজিং জুনিয়রকে। নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেটে তারা ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানজির মিসবাউল ২৮, তাজরিফুল ২২, ইশতিয়াক বিন ইদ্রিস ২২ রান করেন। সাবেতুল ইসলাম ৩৪ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। ফ্রেন্ডস ক্লাবের তাজুল ইসলাম ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন ইমতিয়াজ আহমেদ, তানভির সাদাত। জবাব দিতে নেমে ফ্রেন্ডস ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৬ রানে থেমে যায়। দলের মাহবুবুর সুমন ৩০, মো. সুমন ২০,পিয়ার মোহাম্মদ ৩০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। রাইজিং স্টার জুনিয়রের ইমরুল করিম মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান মিনহাজ সাকিব। ১টি করে উইকেট নেন সাবেতুল ইসলাম,ওয়াকিউদ্দিন এবং মিনহাজ নূর। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইজিং স্টার জুনিয়রের ইমরুল করিম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, আরিফ আহমেদ এবং সাবেক জাতীয় খেলোয়াড় শহিদুর রহমান। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় শতদল ক্লাব ৬ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। তিন খেলায় শতদলের এটি দ্বিতীয় জয়। ১টি খেলায় তারা হেরেছে। অন্যদিকে শহীদ শাহজাহান সংঘ তাদের তিনটি খেলার তিনটিতেই পরাজিত হয়েছে। গতকাল টসে জিতে শহীদ শাহজাহান সংঘ প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে শিশির দাস ২৪, ওবায়দুল্লাহ সর্বোচ্চ ৪১,মাসুদ মেহেদি ২৯ এবং মাহিদুর সৈকত ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। শতদল ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নেন তানজিম নাবিল এবং মোজাহেদুল হক। ১টি উইকেট পান সাদেক আজাদ। জবাবে শতদল ক্লাব ১৮.৫ ওভার খেলে ৪ উইকেটে ১৪২ রান তুলে নেয়। দলের পক্ষে সাব্বির হোসেন ৩১ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৪টি চার এবং ২টি ছক্কা হাঁকান তিনি। ওপেনার আবিদ চৌধুরী আলভি ৩৫ বলে ৪৪ রান করেন ৪টি চার এবং ৩টি ছক্কায়। অন্যদের মধ্যে হাবিবুল্লাহ নিশাদ ১৪ এবং তানজিম নাবিল ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১৫। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ১টি করে উইকেট নেন এম হুদা আয়াজ,আবু সাইদ ফাহিম এবং মো. রুবেল। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল দল ক্লাবের সাব্বির হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সিজেকেএস কাউন্সিলর ডা. সৈয়দ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ আকতার মিয়া।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ দৃঢ়তা দেখিয়েছে
পরবর্তী নিবন্ধষাটের দশকের স্নিগ্ধতায় বুবলী