পাহাড়ঘেরা সবুজ প্রকৃতির মধ্যে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রতিষ্ঠার পর থেকে ছয় দশকের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও আন্দোলন–সংগ্রামের নানা ইতিহাসের সাক্ষী এই ক্যাম্পাস। দিনের আলোয় পাহাড়, ঝরনা ও সবুজের সৌন্দর্যে মুগ্ধ করে বিশ্ববিদ্যালয়টি। তবে এখন সন্ধ্যা নামতেই ক্যাম্পাসের চিত্র বদলে যাচ্ছে। বিভিন্ন ভবন, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জ্বলছে রঙিন বাতি। কোথাও চলছে আলোকসজ্জার কাজ, কোথাও শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উদযাপন ঘিরে উৎসবের সাজে সেজেছে পুরো ক্যাম্পাস।
আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী। ছয় দশকের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ। দীর্ঘদিনের স্মৃতি, প্রিয় ক্যাম্পাসের প্রতি ভালোবাসা আর একসঙ্গে উদযাপনের প্রত্যাশায় হীরকজয়ন্তী যেন হয়ে উঠছে প্রজন্মের সঙ্গে প্রজন্মের মিলনমেলার উপলক্ষ।
সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, হীরকজয়ন্তী উদযাপনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার কাজ। চাকসু ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারীদের হল, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর, জিরোপয়েন্টসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হচ্ছে নানা রঙের আলোয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও আঙিনা পরিষ্কার–পরিচ্ছন্ন করার কাজও চলছে। কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা, কোথাও পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা সব মিলিয়ে উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে পাহাড়ঘেরা এই ক্যাম্পাস।
দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা নামতেই দৃশ্যপট হয়ে উঠছে আরও মনোমুগ্ধকর। একে একে জ্বলে উঠছে রঙিন বাতিগুলো। আলোকিত ভবনগুলোর দেয়াল, সড়ক ও আশপাশের পরিবেশে তৈরি হচ্ছে ভিন্ন এক আবহ। পাহাড়ের নীরবতা আর সবুজ প্রকৃতির সঙ্গে কৃত্রিম আলোর এই মেলবন্ধন ক্যাম্পাসের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। চেনা পথঘাটও যেন নতুন করে ধরা দিচ্ছে শিক্ষার্থীদের চোখে। কোথাও বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন, কেউ আবার দল বেঁধে ঘুরে দেখছেন আলোকসজ্জায় সাজানো ক্যাম্পাস। স্মৃতির মুহূর্ত ধরে রাখতে চলছে ছবি তোলা, ভিডিও ধারণের ব্যস্ততা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে আলোকসজ্জায় সজ্জিত ক্যাম্পাসের নানা দৃশ্য। শিক্ষার্থীদের পোস্ট, ছবি ও ভিডিওতে উঠে আসছে প্রিয় বিশ্ববিদ্যালয়ের নতুন সাজের গল্প। বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আফ্রাদ শাওন বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উচ্ছ্বাস। ৬ দশকের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ঐতিহ্যের এই পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসের সঙ্গে রঙিন আলোর মেলবন্ধনে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নুসরাত সুলতানা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য। এর সঙ্গে এমন দৃষ্টিনন্দন আলোকসজ্জা ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পর পুরো ক্যাম্পাসের পরিবেশটাই অন্যরকম লাগছে। বিষয়টি আমাদের জন্য সত্যিই আনন্দের ও স্মরণীয়।
আলোকসজ্জায় সাজানো ক্যাম্পাস ঘুরে দেখতে বের হওয়া দর্শন বিভাগের শিক্ষার্থী খাদিজা আফরিন মিতু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি নিঃসন্দেহে বিশেষ অর্জন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে হীরকজয়ন্তীর অংশ হতে পারাটা আমাদের জন্য আনন্দের।
শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস ও আনন্দের মধ্যেই হীরকজয়ন্তী আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে ব্যাপক প্রস্তুতি। ছয় দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে জাঁকজমকপূর্ণ আয়োজন বাস্তবায়নের কর্মসূচি নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে তৈরি হবে এক বিশাল মিলনমেলা। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠবে স্মৃতিবিজড়িত ক্যাম্পাস। বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাবেকদের এই সম্মিলন হীরকজয়ন্তী উদযাপনে যোগ করবে ভিন্নমাত্রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্–ফোরকান বলেন, ৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন বাস্তবায়নের কর্মসূচি নিয়েছি আমরা। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।
প্রতিষ্ঠার পর থেকে ছয় দশকের দীর্ঘ পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং দেশের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে। এই ক্যাম্পাসের প্রতিটি পথ, প্রতিটি ভবন, প্রতিটি সবুজ প্রান্তর বহন করে অসংখ্য মানুষের স্মৃতি ও আবেগ। কারও কাছে এটি শৈশবের স্বপ্ন পূরণের ঠিকানা, কারও কাছে জীবনের শ্রেষ্ঠ সময় কাটানোর জায়গা, আবার কারও কাছে জ্ঞান ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের স্থান।
হীরকজয়ন্তীকে সামনে রেখে রঙিন আলোর সাজে সজ্জিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন সেই দীর্ঘ ইতিহাসকেই নতুন করে তুলে ধরছে। আলোকসজ্জার ঝলকানিতে শুধু ভবন কিংবা সড়কই আলোকিত হচ্ছে না, উজ্জ্বল হয়ে উঠছে ছয় দশকের গৌরবময় পথচলার স্মৃতিও। ১৮ নভেম্বরের অপেক্ষায় থাকা ক্যাম্পাস এখন যেন উৎসবের শেষ প্রস্তুতিতে ব্যস্ত।










