যেখানেই আমূল পরিবর্তন দরকার, সেখানেই বিএনপির ‘নোট অব ডিসেন্ট’

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তির সভায় জামায়াত আমির

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিলেও তা বাস্তবায়নে বিএনপি সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সংবিধান মেনে চললে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের অস্তিত্ব থাকে না। ওই নির্বাচন না হলে আপনারা সরকার হন কীভাবে, আর আমরা বিরোধী দল হই কীভাবে? কিছুই তো থাকে না। সংবিধানের এই নেশা থেকে বের হয়ে আসতে হবে। এই সংবিধান ফ্যাসিবাদের জন্মই শুধু দেয় নাই, ফ্যাসিবাদকে স্থায়ী রূপ দিতে চেয়েছিল। যে সমস্ত জায়গায় আমূল পরিবর্তন দরকার, সব জায়গায় আপনারা নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছেন। আবার নোট অব ডিসেন্ট দেন নাই, সেগুলোও এখন আপনারা এড়িয়ে চলছেন।’ সংসদের বিরোধী দলীয় নেতা বলেছেন, ‘ফ্যাসিবাদের জন্ম দেওয়া সংবিধানে ফিরে না গিয়ে জুলাই সনদের আলোকে ৭০ ভাগ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে রাজপথের আন্দোলনেই সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করা হবে।’ গতকাল রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় শফিকুর রহমান এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

শফিকুর রহমান বলেন, ‘ইতোমধ্যেই আপনারা শুনেছেন যে, একই দিনে দুটো ভোট হয়েছে। আমরা কিন্তু একই দিনে চাইনি। আমাদের স্পষ্ট দাবি ছিল, আগে গণভোট হবে, তারপরে সংসদ নির্বাচন হবে। আমাদের আশঙ্কা ছিল, দুইটাকে একসাথে অনুষ্ঠিত করলে দুটাকে গুলিয়ে ফেলা হবে। শেষ পর্যন্ত আমাদের আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হলো।’

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে একদিনে রোপণ করা হবে এক লাখ গাছ