যুদ্ধ মানে মানুষের হেরে যাওয়া

হোসাইন কবির | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

এখন যুদ্ধের ময়দানে

পক্ষ কিংবা বিপক্ষ বড় কথা নয়

এখন যুদ্ধ মানে

মানুষের হেরে যাওয়া

এখন যুদ্ধ মানেু

প্রাণসংহারী নিউক্লিয়ার ওয়ারহেড

পারমাণবিক অস্ত্রের মহাপ্রদর্শনী

মারণাস্ত্রের বাণিজ্য

এখন যুদ্ধ মানে

মানুষের কোলাহল থেকে মানুষের হারিয়ে যাওয়া

মানুষকে থামিয়ে দেওয়া

এখন যুদ্ধ মানে

লক্ষকোটি নিরপরাধ মানুষের প্রাণসংহার

এখন যুদ্ধ মানে

জলহীন, বায়ুহীন আগুনের খেলা

আকাশজুড়ে ধাতব পাখির হিংস্র থাবা

পৃথিবীর শিরাউপশিরায়ু

পারমাণবিক চুল্লীর তাপদহন, আর

জলেস্থলে, বৃক্ষহীন মরুর প্রান্তরে

শতকোটি মানুষ ও পশু পাখির যন্ত্রণাকাতর আর্তনাদ

এখন যুদ্ধ মানে

জীবনের সকল আয়োজন

শিশুদের জন্মের প্রহর চিরতরে থামিয়ে দেয়া

এসো, যুদ্ধ নয়

সহজ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই

অস্ত্র নয়, সংঘাতসংঘর্ষ নয়,

নয় কোনো দ্বেষবিদ্বেষের উচ্চারণ,

এসো, যুদ্ধের ভাষা ভুলে

মানুষের ভাষা শিখি, জীবন ও প্রকৃতির ভাষা শিখি

অস্ত্র নয়, মানুষের কাঁধে হাত রাখি

এসো, প্রাণময় প্রাণপ্রকৃতির সপক্ষে দাঁড়াই

মানুষের সপক্ষে দাঁড়াই

এসো, মানুষ হয়ে উঠি

মানুষেরই প্রয়োজনে

পূর্ববর্তী নিবন্ধবেপার-বেপক
পরবর্তী নিবন্ধআমাদের কথাগুলো