ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানিয়েছেন তারা দেশপ্রেমিক না। যারা সোনার দেশকে লুটে খেয়েছে তাদের ক্ষমা নেই। কোনো আলেম দেশের সম্পদ লুট করার প্রমাণ নেই। এই দেশ সবার। এই দেশকে সবার ভালোবাসতে হবে। যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। দেশে যার যার ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। বাংলাদেশ ধর্ম পালনের ক্ষেত্রে বিশ্বের কাছে রোল মডেল হয়ে আছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ১৯ দিন ব্যাপী চুনতি সীরত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী বাদে মাগরিবের অধিবেশনে সভাপতিত্ব করেন। মাওলানা হাফিজুল হক নিজামী ও মাওলানা ফারুক হোসাইনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক সরকার সারোয়ার আলম, মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেম মুহাম্মদ ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, জাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম প্রমুখ।











