মৌলিক অধিকার নির্বিঘ্ন করাই গণতন্ত্রের আসল রূপ : ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দেশের প্রচলিত আইনকানুন মেনে সকলে মিলে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করা, সুখেশান্তিতে মিলেমিশে থাকা এবং মৌলিক অধিকার নির্বিঘ্নে ভোগ করাই গণতন্ত্রের আসল রূপ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গতকাল মঙ্গলবার হাটহাজারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাস স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই বহুদলীয় গণতন্ত্রের চর্চা লালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সভাসমাবেশ পণ্ড করতে ১৪৪ ধারা জারি এবং নির্মম নির্যাতন পরিচালনা করেছিল। তবে শত অত্যাচার ও ধকল সয়ে হাটহাজারীর মাটিতে দাঁড়িয়ে বিএনপি পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। দেশের জনগণ যেমন অতীতে পাশে ছিল, তেমনি বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে বাংলাদেশে এই চর্চা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে দলটি। শুধুমাত্র সরকার হিসেবেই নয়, দলীয়ভাবেও দেশকে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির মুখ থেকে রক্ষা করতে বিএনপি প্রস্তুত। বিগত সরকারের জঘন্য অত্যাচার ও অন্যায়ের অশুভ পুনরাবৃত্তি ভবিষ্যতে আর কখনোই ঘটার সুযোগ দেওয়া হবে না। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

পূর্ববর্তী নিবন্ধফাতেমা এবার এশিয়ান গেমসে
পরবর্তী নিবন্ধব্যাটারি রিকশার ধাক্কায় সন্তান আহত, সড়ক নিরাপত্তা নিয়ে ফেইসবুকে পুলিশ কর্মকর্তার ক্ষোভ