নগরে স্তূপকৃত টায়ারে এডিস মশার লার্ভা সৃষ্টির উৎসস্থল জমাটবদ্ধ পানি পাওয়ায় এবং রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার ব্যবসায়িকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরে উদ্যোগে ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে জানান, অভিযানে রাস্তা ও ছাদের উপর বিভিন্ন প্রতিষ্ঠানের স্তূপকৃত টায়ারে এডিস মশার লার্ভা সৃষ্টির উৎসস্থল জমাটবদ্ধ পানি পাওয়া যায়। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রমাণ মিলে। তাই জরিমানা করা হয়েছে।
অভিযানে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে চসিকের পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে প্রচারণা চালানো হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












