মুজতাবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে প্রকাশ্যে না আসা ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির একটি ভিডিও সামনে এনেছে মেহের নিউজ। দেশটির আধাসরকারি এই সংবাদ সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের বরাতে এ খবর দিয়েছে ইরানের দুই সংবাদমাধ্যম সিনহুয়া ও সিজিটিএন।

১৩ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, মুজতবা খামেনি কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে আছেন। তিনি আশপাশের ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলেন। তাকে দৃশ্যত বেশ সুস্থ দেখা গেছে। সিনহুয়া বলছে, গত শনিবার টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে মেহের নিউজ। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। ভিডিওতে ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। সিজিটিএনের ফেইসবুকে মেহের নিউজের বরাতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের।

এদিকে মেহের নিউজ এর ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো খবর বা ভিডিও দেখা যায়নি। দুই দিন আগে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির সঙ্গে যোগাযোগ করা এ মুহূর্তে ‘খুবই কঠিন’। দেশটির শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধের খবরের মধ্যে এ কথা বলেন তিনি। তবে মুজতাবার উপস্থিতি দেশের পথচলায় ইরানিদের জন্য ‘অনেক বড় শক্তি’ বলেও মন্তব্য করেছেন পেজেশকিয়ান।

চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মুজতবা খামেনি আহত হয়েছিলেন। একই হামলায় তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছিলেন। দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকরাও ওই হামলায় নিহত হন। সেই থেকে মুজতাবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে মার্চের শুরুতে ইরানের বিশেষজ্ঞ পরিষদ দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কের পেছনে ষড়যন্ত্র আর শয়তানের হাত দেখছেন জামায়াত আমির
পরবর্তী নিবন্ধউখিয়ায় ২৩ লাখ ৮৫ হাজার টাকার বার্মিজ সিগারেট জব্দ