মীরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় ধর্ষণ মামলায় মো. নুরুন্নবী (৪১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মো. নুরুন্নবী জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের দক্ষিণ খিলমুরারী গ্রামের আনা মিয়ার বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি এই ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, গত ১৫ অক্টোবর খিলমুরারী গ্রামে বসতঘরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই শুক্রবার সকালে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন থেকে নুরুন্নবীকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া এক্সেস রোডে চোরাই ল্যাপটপসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর নানা কর্মসূচি