মীরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টানানো হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টায় মীরসরাই পৌরসদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন কয়েকজন কর্মী।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে কোনো কার্যক্রম ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোমবার রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান কয়েকজন। তিন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন। এসময় তারা কয়েক সেকেন্ড স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
তবে এই বিষয়ে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি গুজব। ব্যানার টাঙানোর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। বরং কেউ লুকিয়ে ছবি তুলে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।












