কোস্ট গার্ডের পৃথক অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। খবর বাসসের।
অপরদিকে, রাত ৩টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












