যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে দু বছর আগে মিকা মিলার নামের এক নারীর মরদেহ উদ্ধারের পর থেকে তার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ওঠে। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানিয়েছিল, মিকা আত্মহত্যা করেছেন। পুলিশ বলেছিল, ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও, সাক্ষাৎকার, ঘটনাস্থলের আলামত এবং নর্থ ক্যারোলিনা মেডিকেল এক্সামিনারের পরীক্ষার ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
নেটফ্লিক্সের তিন পর্বের ডকুসিরিজ ‘ডেথ অব দ্য পাস্টর’স ওয়াইফ’–এ সেই ঘটনাগুলোই নতুন করে সামনে এনেছে। ৩০ বছর বয়সি মিকার মৃত্যু আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও তিনি মারা যাওয়ার আগে কী ঘটেছিল এবং কেন তিনি এমন পরিস্থিতিতে পৌঁছেছিলেন সেটিই অনুসন্ধান করেছে সিরিজটি। খবর বিডিনিউজের।
মিকা মিলার ছিলেন এক পাদরির স্ত্রী। তার স্বামী জন–পল মিলার সলিড রক চার্চের ধর্মীয় নেতা। মৃত্যুর আগে মিকা তার পাদরি স্বামীর কাছ থেকে আলাদা হতে চেয়েছিলেন। তিনি বাড়িও ছেড়ে আলাদা থাকছিলেন। পাশাপাশি পুলিশের কাছে মিকা একাধিকবার অভিযোগ করেছিরেন, তাকে অনুসরণ ও হয়রানি করা হচ্ছে। এমনকি নিজের গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করেন মিকা। এরপর প্রাণনাশের ভয় পাচ্ছেন বলে পুলিশকে বলেছিলেন। ‘ডেথ অব দ্য পাস্টর’স ওয়াইফ’ সিরিজে অপ্রকাশিত ভিডিও, ব্যক্তিগত ডায়েরি, পরিবারের সদস্য ও বন্ধুদের বক্তব্যের মাধ্যমে মিকার জীবন, দাম্পত্য সম্পর্ক এবং মৃত্যুর আগের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। ১৯৯৪ সালে কানসাসের উইচিটায় জন্ম নেওয়া মিকা ফ্রান্সিস ছিলেন পরিবারের ছয় ভাইবোনের একজন।












