মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মানবতাবিরোধী অপরাধের যে মামলায় কারাগারে আছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আলোচিত মোজাফফর হোসেনকে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে ট্রাইব্যুনাল এই অবসরপ্রাপ্ত মেজরকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল২ শুনানি নিয়ে এই আদেশ দিয়েছে। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্ত সংস্থাকে পরপর দুই দিন বা সুবিধা অনুযায়ী এক এক দিন করে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে চলতি বছরের ২৩ মার্চ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে তাকে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের মামলায় রিমান্ডে নেওয়া হলেও পরে মে মাসে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জুলাই অভ্যুত্থানের সময় ফেনীতে হত্যার ঘটনায় এ মামলা ট্রাইব্যুনালে আসে। আর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফেনী৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরে চোরাই পণ্যসহ ১৬ জন আটক
পরবর্তী নিবন্ধএনবিআরের ১৯ জুলাই জারি করা বিজ্ঞপ্তি স্থগিতের দাবি