অনিবার্য কারণে ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের অর্ধ–বার্ষিক ও প্রাক–নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক আদেশে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পিছিয়ে আগামী ১ জুলাই বুধবার থেকে শুরু হয়ে ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে। খবর বাসসের।
আদেশটি সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ–বার্ষিক এবং দশম শ্রেণির প্রাক–নির্বাচনি পরীক্ষা নতুন এই সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।












