চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের কারণে সমাজে হত্যা, চুরি,ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের সমূলে উৎপাটনে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি গতকাল বুধবার সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। অল্প বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। কিশোর গ্যাং দমনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো কিশোর যাতে মাদক, সন্ত্রাস ও অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেজর সাকিবুজ্জামান পারভেজ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, এম ওয়াজেদ আলী, শহীদুল ইসলাম বাবর, মোরশেদুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন, আবু তাহের, মোহাম্মদ মহিউদ্দিন, মো. হানিফ চৌধুরী, আছিফুর রহমান সিকদার, মিজানুর রহমান রুবেল, সারোয়ার কামালসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।










