বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৮তম খোশরোজ শরিফ ও উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগমের (রহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্ম জিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলন মূলক সংগঠন ‘দি মেসেজে’র ব্যবস্থাপনায় বিশেষ মহিলা মাহফিল নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে গত শনিবার অনুষ্ঠিত হয়।
মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী ও মাইজভাণ্ডার শরিফ আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ আবুল কালাম। মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী বলেন, অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়। তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয়। হাফেজ মুহাম্মদ আবুল কালাম বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকা মানব মর্যাদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়। পৃথিবীর ইতিহাসে ধর্মীয় সংঘাতের কারণে যত মানুষের প্রাণ গিয়েছে অন্য কোনো সংঘাতে এতো মানুষ মারা যায়নি। তাই মাইজভাণ্ডারী ত্বরিকা মানুষে মানুষে সমপ্রীতি বজায় রাখার জন্য তাওহিদে আদইয়ান তথা একত্ববাদী ধর্মসমূহের শান্তিপূর্ণ সহাবস্থান এবং আদলে মোতলাক তথা বিচার সাম্যের প্রতি দাওয়াত প্রদান করে। জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন ওয়াসিমা রহমান প্রিয়ন্তি, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত, জয়নব আলম, সিদরাতুল মুনতাহা, রোকেয়া খানম রুকু, নাদিয়া ইয়াছমিন ও রাবেয়া ইয়াছমিন। পরিশেষে মিলাদ কেয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল মু’মিন মুসলমান এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।












