মহেশখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া মণি (৯) কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের মোসলিম উদ্দিন এর কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ইস্টার সানডে উপলক্ষে স্কুল বন্ধ থাকায় সামিয়া মণি সকালে বাড়ির পাশে তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছিল। খেলা শেষে তারা কয়েকজন বান্ধবী মিলে কালালিয়াকাটা মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সামিয়া পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই পানিতে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছিল।














