কুমিল্লার নাগাইশ দরবারের পীর ইসলামিক স্কলার অধ্যক্ষ মোশতাক ফয়েজী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কোরআনের আলোকে নিজেকে গড়ে তুলেছিলেন। তাঁর জীবনাদর্শের মাধ্যমেই মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটেছে এবং পশুবৃত্তি দমন হয়েছে। কোরআনুল কারীম ছিল সেই মহান আদর্শের মূল ভিত্তি। তিল তিল করে মহানবী (সা.) কোরআনের আলোকে নিজেকে তৈরি করেছিলেন। তিনি এমন একটি সুন্দর পৃথিবী গড়ে তুলেছিলেন, যেখানে মানুষের মনুষ্যত্ব বিকশিত হয়েছিল। তাঁর জীবন ছিল কোরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন।
গতকাল বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে সীরাতুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, কোরআনকে শুধু বুকে জড়িয়ে ধরে রাখলে হবে না, কোরআনকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কোরআনকে বুঝতে হলে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে হবে এবং তা নিজেদের জীবনে অনুসরণ করতে হবে।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য ও সীরাতুন্নবী (সা.) ১৪৪৮ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।
স্বাগত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য দেন, ফ্যাকাল্টি অব শরীয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. রশীদ জাহেদ। সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ এবং বিভাগের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। শেষে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









