মশাল ও কেরোসিনসহ দুই বিএনপি নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

নগরে অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে মশাল ও কেরোসিনসহ এক বিএনপি নেতা ও তার সহযোগীকে আটকের পর পুলিশে দিয়েছে ছাত্রলীগ। গত রাতে ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ থেকে তাদের আটক করা হয়। তবে বিএনপির দাবি, তারা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

তারা হচ্ছেন– ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও তার সহযোগী বিএনপিকর্মী মো. মাইনুদ্দিন। তাদের হাতেনাতে আটকের পর বাসে অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে ওই এলাকায় যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও শ্রমিক লীগ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। কিছু মশাল ও কেরোসিনসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হরতাল অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। আমরা তাদের আটকের তীব্র নিন্দা জানাই।

পূর্ববর্তী নিবন্ধমাদকের পৃথক দুই মামলায় চারজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর