সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। গতকাল শনিবার নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ১২–০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বিজয়ী দল প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে ছিল। ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন মুনকি আক্তার। এছাড়া কৃষ্ণা ও আলপি আক্তার হ্যাটট্রিক করেছেন।
২৮ মিনিটে মামনি চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা রানী। পরের মিনিটের সাথে ইনজুরি টাইমে পরপর দুই গোল করেন মুনকি। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় পিটার বাটলারের দল। এই অর্ধে হয় আরো ৮ গোল। ৫৪ ও ৬০ মিনিটে দুই গোল করে তৃষ্ণা হ্যাটট্রিক পূরণ করেন। খবর বাসসের।
৭৩ মিনিটে আলপি ব্যবধান ৭–০’তে নিয়ে যান। ৮১ মিনিটে মুনকি হ্যাটট্রিক পূরণ করেন। ৮৬ মিনিটে আলপি নিজের দ্বিতীয় গোল করেন। ইনজুরি টাইমে মুনকির চতুর্থ ও অর্পিতার এক গোলের পর আলপির হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।











