ভারতে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর আত্মজীবনী বিলংগিং: আ জার্নি অব লাভ প্রকাশ করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বইটি প্রকাশিত হওয়ার আগেই তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার বইটি প্রকাশের কথা থাকলেও তারা পিছিয়ে এসেছে। খবর বিডিনিউজের।
আমেরিকার পেঙ্গুইন র্যান্ডম হাউসের প্রকাশনা সংস্থা আলফ্রেড এ নফ বইটি ১০ নভেম্বরে প্রকাশ করবে বলে জানালেও শুক্রবার তাদের ভারতীয় শাখা পেঙ্গুইন ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ভারতে তারা বইটি প্রকাশ করছে না। এরপরই কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চাপের কারণেই বইটি প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। বিশেষ করে বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এর কার্যকলাপ এবং চীনের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ সংক্রান্ত প্রসঙ্গ নিয়েই আপত্তি তোলা হয়েছিল বলে কংগ্রেসের দাবি। ঘটনার সূত্রপাত প্রকাশক ও লেখকের মধ্যে পাণ্ডুলিপি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বইটি প্রকাশের আগে পেঙ্গুইন ইন্ডিয়ার পক্ষ থেকে পাণ্ডুলিপির কিছু অংশ বাদ দেওয়া এবং সম্পাদনাগত পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব মানতে রাজি হননি সোনিয়া। এরপরই ভারতে বইটি প্রকাশের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে। সোনিয়ার আত্মজীবনী নিয়ে ভারতে রাজনৈতিক মহলে তো বটেই, বইপ্রেমীদের মধ্যেও কৌতূহল ছিল বেশ। সমপ্রতি সেই নিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা পোস্ট করেন রাহুল গান্ধীও।










