বয়ান শিল্পাঙ্গনের চতুর্থ প্রযোজনা ‘অ–মীমাংসিত?’ আগামী ২৩ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার হলে মঞ্চস্থ হবে। ‘অ–মীমাংসিত?’ গতানুগতিক বায়োগ্রাফিক্যাল বা জীবনীমূলক নাটক নয়। এটি ইতিহাসের এক রক্তাক্ত দলিল। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে ভাইকে খুঁজতে গিয়ে চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের হারিয়ে যাওয়া বা শহীদ হওয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প।
নাটকটির নাট্যকার ও নির্দেশক সায়েম উদ্দীন। তিনি বলেন, নাটকে কৃত্রিমতা না রেখে শুধু শরীর ও কণ্ঠের ব্যবহারে ইতিহাসের নির্মম সত্যকে নতুন করে দর্শকের সামনে হাজির করার একটি প্রয়াস এটি।
২৩ নভেম্বর সোমবার টিআইসির লেকচার হলে নাটকটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম মঞ্চায়ন বিকেল ৪:১৫ মিনিটে, দ্বিতীয় মঞ্চায়ন সন্ধ্যা ৫:৪৫ মিনিটে এবং তৃতীয় মঞ্চায়ন সন্ধ্যা ৭:১৫ মিনিটে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্ত ভৌমিক, প্রিয়ন্তী দে, অবন্তি বিশ্বাস দিঘী, পলক বড়ুয়া, আবদুল্লাহ মুহাম্মদ সাজিদ, মুক্তা সাহা, অনিক বড়ুয়া ও রক্তিম বড়ুয়া। আলোক প্রক্ষেপণে রয়েছেন বড়ুয়া সীমান্ত ও রিপন বড়ুয়া। আবহ সংগীত প্রয়োগে এম এ তাহসিন ও রক জার্মান ডায়াস। প্রেস বিজ্ঞপ্তি।












