বড়টির পর ছোট ছেলেরও মৃত্যু, সব হারিয়ে নিঃস্ব বাবা-মা

নিজস্ব প্রতিবেদক, আজাদী | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ৯:৩৪ পূর্বাহ্ণ

বড় ভাই মারা যাওয়ার পর ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা চলছিল লাইফ সাপোর্টে রেখে। কিন্তু শেষ পর্যন্ত তাকেও বাঁচানো গেল না। ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর আরব গতকাল রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে মারা যায়। ডেঙ্গুর পাশাপাশি তার হাম ও নিউমোনিয়ার উপসর্গ ছিল।

এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় আরবের ১০ বছর বয়সী বড় ভাই মোহাম্মদ আরাফাত। তারও ডেঙ্গু হয়েছিল। পরে দেখা দেয় হাম ও নিউমোনিয়ার উপসর্গ।

দুই দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়েছেন মোহাম্মদ কবির ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। তাঁদের আর কোনো সন্তান নেই।

গভীর রাতে স্থানীয় একটি গণমাধ্যমকে ছোট ছেলের মৃত্যুর খবর জানান কবির। ফোনে তিনি বলেন, ‘ভাই, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। আমি কী নিয়ে থাকব এখন?’

গত দুই সপ্তাহ ধরে দুই ছেলেকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন কবির ও আয়েশা। প্রথমে আরাফাতকে ভর্তি করেছিলেন সাউদার্ন মেডিকেলে। পরে নেওয়া হয় ইমপেরিয়াল হাসপাতালে। সেখান থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত শুক্রবার মারা যায় আরাফাত।

বড় ছেলের মৃত্যুর পর ছোট ছেলে আরবকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। ছেলেকে বাঁচাতে চিকিৎসকদের কাছে আকুতি জানিয়েছেন কবির, প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে। কিন্তু রোববার রাতেও শেষ পর্যন্ত তাঁকে হারাতে হলো।

দুই ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে অনেক ধারদেনা করতে হয়েছে চাকরিজীবী কবিরকে। এত কিছুর পরও যদি একটি ছেলেকে বাঁচানো যেত, তাতেই হয়তো সান্ত্বনা খুঁজে পেতেন তিনি।

ছোট ছেলের দাফনের প্রস্তুতি সম্পর্কে কবির বলেন, ‘এত রাতে আমার আরবকে নিয়ে কোথায় যাব? সকালে নিয়ে গিয়ে বড় ছেলের পাশে দাফন করব মোমেনবাগ কবরস্থানে।’

দুই ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবির ও আয়েশা। এখন হাসপাতাল থেকে তাঁদের ফিরতে হচ্ছে একা।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বিএনপি নেতার ওপর হামলার পর মহাসড়ক অবরোধ