পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নিমরা খান। গেল মে মাসে জেইন হামিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের সাড়ে ৩ মাস পেরোনোর আগেই গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে নিমরা খানের দ্বিতীয় সংসারও। অভিনেত্রী নিমরা খানের ইনস্টাগ্রাম থেকেই তার বিবাহবিচ্ছেদের গুঞ্জনের সূচনা। তার বিয়ে সংক্রান্ত একটি পোস্ট মুছে ফেলার পর জেইন হামিদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের আলোচনা শুরু হয়। অভিনেত্রীর একটি পোস্টে বিয়ে সংক্রান্ত পোস্ট মুছে ফেলার কারণ জানতে চান ভক্ত। বিষয়টি নিমরারও নজর এড়ায়নি। ভক্তের প্রশ্নের জবাবে নিমরা খান লেখেন, মানুষের কুনজর বা বদনজর এড়াতে পোস্টটি আড়াল করা হয়েছে। খবর বাংলানিউজের।
বিবাহবিচ্ছেদের গুঞ্জন এখানেই থেমে যেতে পারত। কিন্তু নিমরা খানের আরো কয়েকটি রহস্যময় পোস্ট পরিস্থিতি আরো ঘোলাটে করে। এসব পোস্টের পর তার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে কি না, তা নিয়ে জল্পনা বাড়তে থাকে।










