বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় রোনালদো

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

সৌদি প্রো লিগ জয়ের রেশ কাটতে না কাটতেই আরেকটি দারুণ সুখবর পেলেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বিখ্যাত মার্কিন বাণিজ্য সাময়িকী ‘ফোর্বস’এর করা বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ৫০ অ্যাথলেটের তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই আয়ের দিক থেকে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। গত ১২ মাসে রেকর্ড ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি) উপার্জন করেছেন রোনালদো। আয়ের এই বিশাল অঙ্ক তাকে ক্রীড়াবিদদের তালিকায় সবার ওপরের স্থানে অক্ষুণ্ন রেখেছে। তালিকায় শীর্ষ পাঁচে জায়গা ধরে রাখলেও চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে আয়ের দিক থেকে এবার বেশ পিছিয়ে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক গত এক বছরে আয় করেছেন ১৪০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ৭২১ কোটি টাকা)। ফলে তালিকার তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মায়ামির এই তারকাকে। রোনালদো ও মেসির মাঝখানে চমক দেখিয়ে দ্বিতীয় স্থানটি লুফে নিয়েছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল আলভারেজ। গত বছর রিংয়ের ভেতরে সময়টা খুব একটা মনের মতো না কাটলেও, আয়ের দিক থেকে তিনি পকেটে পুরেছেন ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। খেলোয়াড়দের মাঠের ভেতরের চুক্তিভিত্তিক আয় (বেতন, বোনাস ও প্রাইজমানি) এবং মাঠের বাইরের বাণিজ্যিক আয় (স্পন্সরশিপ, বিজ্ঞাপন ও ব্যক্তিগত ব্যবসা); এই দুটি খাতের মোট অর্থ যোগ করে প্রতি বছর এই তালিকা তৈরি করে ফোর্বস।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সুন্দরপুর ইউনিয়ন আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধএবারের বিশ্বকাপে নতুন ৪ নিয়ম